প্রকাশিত : বৃহঃস্পতিবার , ১ আগস্ট ২০২৪ , ভোর ০৫:১০।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , দুপুর ১২:৪৩

স্বাভাবিক নৌপথ, ট্রেন চলাচল শুরু আজ


ডেক্স নিউজঃচলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই সড়কে যান চলাচল প্রায় স্বাভাবিক হয়ে গেছে। রাজধানী ঢাকায় তীব্র যানজট যেমন ছিল, তেমনি গাড়ির সংখ্যা বেড়েছে দেশের জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে।সড়কের পর এবার স্বাভাবিক হয়েছে লঞ্চ চলাচল। ঢাকার প্রধান নদীবন্দর সদরঘাট থেকে নিয়মিত যাত্রী নিয়ে সারা দেশে লঞ্চ ছেড়ে যাচ্ছে।আর আজ বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে।ঢাকার সড়কে গতকাল বুধবারও ছিল তীব্র যানজট। যান চলাচল পরিস্থিতি এতটাই স্বাভাবিক হয়েছে যে রাতে কারফিউ চলমান থাকা অবস্থায়ও যানজট দেখা গেছে। দূরপাল্লার বাসগুলো নিয়মিত যাত্রী নিয়ে চলাচল করছে। গণপরিবহনের পাশাপাশি সব ধরনের সড়কে ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়েছে।আগের দিন মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকার কুড়িল উড়ালসড়কে পণ্যবাহী গাড়ির তীব্র জট দেখা গেছে। এই সড়কে উত্তরা, আব্দুল্লাহপুর হয়ে টঙ্গীমুখী সড়কে যান চলাচল অনেকটা স্থবির হয়ে পড়ে। গতকাল ঢাকার প্রধান সড়কগুলোতেও দীর্ঘ যানজট দেখা গেছে। বিশেষ করে অফিস ছুটির পর যানজট বেড়ে যায়।এদিকে স্বাভাবিক হতে শুরু করেছে লঞ্চ চলাচল। প্রথমে কারফিউ শিথিল থাকার সময় লঞ্চ চললেও এখন পুরোদমে লঞ্চ চলাচল শুরু হয়েছে। শুরুতে ঢাকা থেকে চাঁদপুর, ইলিশা ও সুরেশ্বর পর্যন্ত লঞ্চ চলেছে। এখন ঢাকা থেকে বরিশাল, পটুয়াখালী ও ভোলার মতো দূরের গন্তব্যেও লঞ্চ ছেড়ে যাচ্ছে।