প্রকাশিত : রবিবার , ১১ আগস্ট ২০২৪ , সকাল ০৯:০৬।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সকাল ১০:৫৮

বিটিআরসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি


নিজস্ব প্রতিবেদকইন্টারনেট বন্ধের ব্যর্থতা ও গ্রাহকদের স্বার্থ রক্ষা না করতে পারার দায় নিয়ে বিটিআরসির চেয়ারম্যান ও নিয়ন্ত্রক কমিশনকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।রোববার (১১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।এতে সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ইন্টারনেট বন্ধের দায়ভার সবার আগে বিটিআরসির ওপর বর্তায়। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে নিরবিচ্ছিন্ন সেবা এবং দেশ ও জনগণের স্বার্থ রক্ষার দায়িত্ব ছিল নিয়ন্ত্রক কমিশনের ওপর। কিন্তু তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। এছাড়াও গ্রাহকের অব্যবহৃত ইন্টারনেট ডাটা ব্যবহার করার সুযোগ না দেওয়া এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের এক দেশ এক রেট গাইডলাইন বাস্তবায়ন না করতে পারায় তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। বিচারের দাবি করে তিনি আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে এদেরকে আইনের আওতায় আনা উচিত। সেই সঙ্গে কমিশনে দুর্নীতিবাজদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা উচিত। সাবমেরিন ক্যাবলের ব্যবস্থাপনা পরিচালক ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ করে দিয়ে পুরো জাতিকে জিম্মি করে রেখেছিল। তাই শুধু পদত্যাগ নয় তাকে আইনের আওতায় আনতে হবে।তিনি বলেন, ইন্টারনেট ও আইটি ইন্ডাস্ট্রিতে যে দখলবাজি বা অপসংস্কৃতি চলছে তার একটি সঠিক সমাধান দরকার। নিয়মতান্ত্রিক উপায়ে অভিযুক্ত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে পাশাপাশি ইন্ডাস্ট্রি থেকে অপসারণ করতে হবে।