প্রকাশিত : রবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪ , দুপুর ১২:০৪।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , বিকাল ০৫:০৯

মসজিদে রেখে গেল গুলি-ম্যাগাজিনসহ অত্যাধুনিক শটগান


সিরাজগঞ্জ অফিস: সিরাজগঞ্জে নির্মাণাধীন একটি মসজিদ থেকে দুইটি শটগান, ১৬ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া দুইটি শটগানের মধ্যে একটি খুবই অত্যাধুনিক বলে জানিয়েছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ফুলকোঁচা গ্রামের নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ি থেকে গুলি ও ম্যাগাজিনসহ আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়।স্থানীয়দের সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৬টার দিকে মসজিদের সিঁড়িতে দুটি অস্ত্র ও গুলি দেখতে পান কয়েকজন মুসল্লি। পরে তারা বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করেন।বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সকাল ৭টার একটু আগ দিয়ে আমাদের কাছে খবর আসে যে, মসজিদে কে বা কাহারা অস্ত্র ও গুলি রেখে রেখে গেছে। পরে আমরা গিয়ে জব্দ তালিকা করে ঘটনাস্থল থেকে দুইটি শটগান, ১৬ রাউন্ড গুলি ও দুইটা ম্যাগাজিন উদ্ধার করে নিয়ে আসি। শটগান দুটির মধ্যে একটা অত্যাধুনিক শটগান রয়েছে। পুলিশ লাইন থেকে অস্ত্র বিশেষজ্ঞ নিয়ে এসে এটা যাচাই করা হয়েছে। তিনি আরও বলেন, তবে এগুলো পুলিশের লুট হওয়া বা অন্য কোনো অস্ত্র কিনা সেটা এখনই বলা যাচ্ছেনা। সবকিছু যাচাই করা হচ্ছে। উর্ধতন কতৃপক্ষের সঙ্গে কথা বলে এবিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।