প্রকাশিত : শনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪ , সকাল ১০:৫২।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , রাত ১০:২১

রংপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার পুরস্কার বিতরণীর সমাপনী অনুষ্ঠিত


স্বপন মিয়া, রংপুর:সুরা আল বাকারাহ’র ১৪৮ নং আয়াতের অর্থ তোমরা উত্তম কাজে প্রতিযোগিতা করো কথাটিকে মনে ধারণ করে রংপুরে তিন দিন ব্যাপী তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার আয়োজনে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের তৃতীয় দিনের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন ঢাকা বাংলাদেশ এর পরিচালনায় ও তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা রংপুর শাখা হাজিপাড়া সেকশনের আয়োজনে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তিন দিনে মোট পাঁচটি সেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে  শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে তৃতীয় দিনে সমাপনী হয়েছে।অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ বালক, গার্লস ও প্রি-হিফয মাদরাসা, রংপুরের খলীফা পাড়া ও হাজীপাড়া শাখার কুরআন তেলাওয়াত, ইসলামী সংগীত, বাংলা-ইংরেজী-আরবি ভাষায় শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ ছাড়াও একাডেমিক ফলাফলের পুরষ্কার বিতরণ পাশাপাশি কায়েদা ও নাজেরা বিভাগে ছাত্রদের সবক প্রদান করা হয়।এ সময় তানজিমুল উম্মাহ হিফয মাদরাসা রংপুর শাখার হাজীপাড়া সেকশন, গার্লস সেকশন  ও প্রি-হিফয সেকশনের মোট ১০১৬ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানের সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরীর মুলাটোল কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজগর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ ডক্টর জাহাঙ্গীর আলম, মাওলানা নজরুল ইসলাম সাদী, ডাক্তার মারুফ হোসাইন, ডক্টর ফরহাদ উল ইসলাম, ক্বারী মাওলানা মোঃ শফিউল আজম প্রমূখ।এ সময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজগর হোসাইন বলেন, বিগত ১৭ বছরের জঞ্জাল কাটিয়ে এখন একটি ইসলামী সমাজ বিনির্মাণের সময় এসেছে, সেই লক্ষ্যে তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।তিনি আরো বলেন, তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা থেকে বিশ্বের বড় বড় বিজ্ঞানী, দার্শনিক, চিকিৎসক ও জগৎ বিখ্যাত আলেম তৈরি হবে এমন প্রত্যাশা করছি তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে।উল্লেখ্য, গত বৃহস্পতিবার ও শুক্রবার একই মিলনায়তনে অনুষ্ঠানের প্রথম ও দ্বিতীয় দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের  প্রথম দিন প্রথম সেশনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবাল। প্রধান অতিথি ছিলেন আল হেরা ইনস্টিটিউটের সভাপতি মো. আব্দুস সাত্তার শাহ ও দ্বিতীয় সেশনে  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেকুরা ইসলামিয়া দ্বিমুখী ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা এটিএম আযম খান। বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সহিদুল ইসলাম, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন রংপুর শাখার সভাপতি মাওলানা মো. ওমর ফারুখ। দ্বিতীয় দিনের প্রথম সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার মো. শরীফ উদ্দিন। দ্বিতীয় সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক মো. আব্দুর রহিম। পুরো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম।