প্রকাশিত : রবিবার , ৩ নভেম্বর ২০২৪ , সকাল ০৯:৩৫।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , রাত ১১:৪৩

রায়গঞ্জে আন্ডার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন


রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের রায়গঞ্জে (ঢাকা-বগুড়া) মহাসড়ক অবরোধ করে আন্ডার ব্রিজ নির্মাণের দাবিতে ২ ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। এসময় দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবিরের আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী। রবিবার সকালে উপজেলার (ঢাকা-বগুড়া) মহাসড়কের থানা রোড এলাকায় এ কর্মসূচিতে প্রায় এক হাজার নারী-পুরুষ অংশ নেন।  মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুল হক খান, উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আবু হানিফ খান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, মীর রফিকুল ইসলাম রতি সহ আরো অনেকে।এসময় বক্তারা বলেন, থানা রোড় এলাকায় একটি আন্ডার ব্রিজের নির্মাণের দাবি দীর্ঘদিনের। আন্ডার ব্রিজ না থাকার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। তাই অতিদ্রুত আন্ডার ব্রিজ নির্মাণের দাবি তাঁদের।