প্রকাশিত : সোমবার , ৭ এপ্রিল ২০২৫ , দুপুর ০২:১৫।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ২ মার্চ ২০২৬ , সন্ধ্যা ০৬:৪০

সুবর্নচরে দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন


আবদুল জববার, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর সুবর্ণচরে পরিবেশ ও আইন অমান্য করে পরিচালিত দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে প্রশাসন। সোমবার (৭ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত চর আমান উল্যাহ ইউনিয়নের চর বজলুল গ্রামে পরিচালিত এ অভিযানে "আমানত ব্রিকস" নামের ইটভাটা ভেঙে দেওয়া হয় এবং ২০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অপরদিকে, "যমুনা ব্রিকস" নামের আরেকটি ইটভাটার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।এ অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেং মং রাখাইন। অভিযানকালে তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের নোয়াখালী অঞ্চলের সহকারী পরিচালক নূর হাসান সজীব।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সংশ্লিষ্ট ইটভাটাগুলো কোনো লাইসেন্স কিংবা পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল। ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা সত্ত্বেও কার্যক্রম বন্ধ না করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় ব্যবস্থা নেওয়া হয়।"আমরা বারবার সতর্ক করেছি। তবু তারা থামেনি। তাই আজ আইনের মাধ্যমে কঠোর পদক্ষেপ নিতে হয়েছে,"—বলেন অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট ছেং মং রাখাইন।তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় ও অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।