ই-পেপার/প্রিন্ট ভিউ
সিরাজগঞ্জ অফিস:
সিরাজগঞ্জের রায়গঞ্জে নিখোঁজের দুইদিন পরে মুঞ্জিল শেখ (৫০) নামের এক মিশুক অটোভ্যান চালকের হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে ইটভাটার ইটভাটা মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মিশুক অটোভ্যান চালক মুঞ্জিল শেখ রঘুনাথপুর গ্রামের মৃত আছাব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিশুক চালক মুঞ্জিল দুদিন ধরে নিখোঁজ ছিলেন। আজ শনিবার সকালে রঘুনাথপুর গ্রামের ভুইয়াগাঁতী থেকে সলঙ্গা যাওয়ার রাস্তার পাশে দেশ ইটভাটার ইটের খামালের ওপর হাত পা বাধা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে সলঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে.এম রবিউল ইসলাম জানান, আজ সকালে ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে একটি ইটের ভাটায় হাত পা বাঁধা অবস্থায় একটি লাশ পরে আছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।