ই-পেপার/প্রিন্ট ভিউ
মোঃ আল-আমিন, মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া এলাকার বাসিন্দারা তাদের পুরোনো একটি সড়ক পুনরুদ্ধারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটারজোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
প্রায় চার ঘন্টা ব্যাপী এই অবরোধের ফলে দুই পাশে কয়েকশ' যানবাহন আটকা পড়ে। এতে চরম ভোগান্তির শিকার হন যাত্রীরা।
বুধবার (২৯ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে শতশত গ্রামবাসী মহাসড়কে অবস্থান নেন এবং একপর্যায়ে সড়ক অবরোধ করেন।
গ্রামবাসীরা অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মীর সহযোগিতায় কোম্পানিগুলো রাতারাতি সড়কে পাকা দেয়াল তুলে দিয়েছে। ফলে দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ হয়ে গেছে।
সড়ক পুনরুদ্ধারের দাবিতে গ্রামবাসীরা তারাসিমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিং-এর প্রধান ফটকের সামনে মহাসড়কে অবস্থান নিয়েছেন।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন, কোম্পানির প্রতিনিধি ও গ্রামবাসীদের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, বেলা সোয়া ১১টা থেকে গোলড়া গ্রামের মানুষ মহাসড়কে অবস্থান নিয়েছে, এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে, আশা করি দ্রুত সমাধান হবে।
অবরোধকারীরা জানিয়েছেন, যতক্ষণ না তাদের সড়ক পুনরুদ্ধার করা হবে, ততক্ষণ তারা মহাসড়ক ছাড়বেন না। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।