ই-পেপার/প্রিন্ট ভিউ
মোঃ নিলয় চৌধুরী ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
গত ০৫ই আগস্ট ধামরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর অভিযোগ তুলে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলার আবেদনের ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে গণমাধ্যমকর্মীরা।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার থানা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ বিক্ষোভে প্রায় দুই শতাধিক সাংবাদিক অংশ নেন।
ধামরাই প্রেস ক্লাবের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকৃত সকলে বলেন, সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল ও সাংবাদিক রাজন আহমেদ দীর্ঘ দিন ধরে সুনামের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করবে। তারা অবিলম্বে এ মামলা থেকে দুই সাংবাদিকের নাম প্রত্যাহারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে বলে জানান সাংবাদিক নেতারা।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ধামরাই প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষার, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান হোসেন, প্রথম আলোর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক মাহমুদ ইকবাল, আরটিভির স্টাফ রিপোর্টার জিয়াউর রহমানসহ আরও অনেকে।
গত ২২ অক্টোবর ঢাকা জুডিশিয়াল (ধামরাই) আদালতে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদসহ ৯২ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়। এতে ৩৭ নম্বর আসামি করা হয়েছে সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল ও ৮৪ নম্বর আসামি করা হয়েছে সাংবাদিক রাজন আহমেদকে। মামলার তথ্য প্রকাশ্যে আসতেই ক্ষোভ ও প্রতিবাদ জানান স্থানীয় সাংবাদিকরা।
এছাড়া সাংবাদিক মনোয়ার হোসেন রুবেল ও রাজন আহমেদের নিজ গ্রামের লোকজনও এমন মিথ্যা মামলার প্রতিবাদে ধামরাইয়ের বারবাড়িয়া এলাকায় মানববন্ধন করেন। এ সময় তারা প্রশাসনের কাছে অনতিবিলম্বে উক্ত মামলা থেকে তাদের নাম প্রত্যাহারের দাবী জানায়।