ই-পেপার/প্রিন্ট ভিউ
সিরাজগঞ্জ অফিস:
টাকা জমা নিয়েও রেলীকুঠির প্লট বুঝিয়ে না দেওয়ায় সিরাজগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক তোফাজ্জল হোসেনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন মোঃ শহিদুল ইসলাম নামের এক আবেদনকারী। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে এ লিগ্যাল নোটিশটি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন। লিগ্যাল নোটিশে বলা হয়, ২০০২ সালে সিরাজগঞ্জ পৌরসভার চর রায়পুর পূর্বপাড়া মহল্লার মরহুম রজব আলী শেখের পুত্র শহিদুল ইসলাম পৌরসভাস্থ রেলীকুঠি একটি প্লট আকারে জায়গা ক্রয়ের জন্য ২৯ অক্টোবর-২০০২ সিরাজগঞ্জ পৌরসভার তৎকালীন মেয়র বরাবর সোস্যাল ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেডের (যার হিসাব নং-৭২৯৫) থেকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা জমা করেন। তিনি ছাড়াও প্রায় তিন শতাধিক ব্যক্তি সিরাজগঞ্জ পৌরসভাস্থ প্লট আকারে জায়গা ক্রয়ের জন্য তৎকালীন মেয়র বরাবর বিভিন্ন অংকের টাকা প্রদান করেছেন। কিন্তু প্রায় ২২ বছর অতিবাহিত হওয়ার পরও অদ্যাবধি শহিদুল ইসলামসহ অন্যান্য ব্যক্তি সিরাজগঞ্জ পৌরসভা থেকে কোনরূপ প্লট রেজিঃ বুঝিয়া পাননি। পরবর্তীতে শহিদুল ইসলাম বেশ কয়েকবার সিরাজগঞ্জ পৌরসভার মেয়র বরাবর তাগাদাপত্র প্রেরণ করলেও সিরাজগঞ্জ পৌরসভা কার্যালয় থেকে কোনরূপ ব্যবস্থা গ্রহণ না করলে চলতি বছরের ৩১ জুলাই গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সিরাজগঞ্জ পৌরসভার সভা কক্ষে পুনরায় তলব তাগাদা দেন তিনি। পরবর্তীতে ওইদিন পৌরসভার হলরুমে এসংক্রান্ত বিষয়ে বৈঠক বসলে ফলপ্রসু কোন সুরাহা হয়নি। এতে শহিদুল ইসলামসহ অন্যান্য আবেদনকারীরা নানাবিধ ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রকৃতপক্ষে পৌরসভার উক্ত প্লটের বিপরীতে টাকা জমা নিয়ে প্লট দলিল না করে দেওয়া প্রতারণার সামিল বলেও নোটিশে উল্লেখ করা হয়। সিরাজগঞ্জ জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন বলেন, গত ৮ সেপ্টেম্বর পৌরসভার পৌর প্রশাসককে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। লিগ্যাল নোটিশ প্রাপ্তির ১৫ (পনের) দিনের মধ্যে উল্লেখিত রেলীকুঠির আবাসিক প্লটের বিষয়ে সন্তোষজনক জবাব না পেলে পৌর প্রশাসকের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। এ বিষয়ে সিরাজগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।