ই-পেপার/প্রিন্ট ভিউ
জালাল উদ্দিন, রংপুর:
বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল প্রদানের লক্ষ্যে পে-কমিশন গঠন, পে-স্কেল প্রদানের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য শতকরা ৫০ ভাগ মহার্ঘভাতা প্রদানসহ ৯ দফা দাবীতে অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচী পালন করেছে রংপুর সরকারী গাড়ি চালক সমিতি। সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সংগঠনের জেলা সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের নেতৃত্বে রংপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক রায়হান কবিরের মাধ্যমে স্বারকলিপি প্রদান করা হয়। এ সময় নেতৃবৃন্দরা জানান, গাড়িচালকরা সরকারের সকল উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে আসছে। ২০১৫ সালের বৈষম্যমূলক পে-স্কেল প্রদানের পর থেকে সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের কর্মসূচী পালন করে আসলেও সরকারের পক্ষ থেকে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। অপরদিকে উর্ধ্বগতির বাজারে সংসারচালাতে হিমশিম খাচ্ছে গাড়ি চালকরা। এ সংকট উত্তরণে গাড়ি চালকরা পে- কমিশন গঠন করে বৈষম্য নিরসনের জন্য ১০ ধাপে বেতন নির্ধারণ করা, পে-স্কেল প্রদানের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য শতকরা ৫০ ভাগ মহার্ঘভাতা প্রদান, সরকারী গাড়িচালক পদকে কারিগরি পদ হিসেবে গ্রহণ, গাড়িচালক পদের নাম পরিবর্তন করে মটর ট্রান্সপোর্ট অপারেটর নামকরণ, গাড়ি চালক পদটি ব্লক পোস্ট বাতিল করে পদোন্নতির ব্যবস্থা করা, চালকদের ড্রাইভিং লাইসেন্স নাবায়ন পদ্ধতি সহজীকরণ, সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়, ট্রেনিং ইন্সটিটিউট ভবনসহ ঢাকায় স্থায়ী জায়গা বরাদ্দ করা, হাইকোর্টের গাড়িচালকদের মত অধিকাল ভাতা পদ্ধতি চালু, ঝুঁকিভাতা অথবা রেশন ব্যবস্থা চালু করা এবং আউটসোর্সিং প্রথা বাতিল করে স্থায়ী সকল সরকারী গাড়িচালক শূণ্য পদে নিয়োগ প্রদানের দাবী জানানো হয়।