ই-পেপার/প্রিন্ট ভিউ
জিহাদ হোসেন রাহাত, লক্ষ্মীপুর
হাসিনা সরকারের পতনের পর পুরো লক্ষ্মীপুরকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সাধারণ শিক্ষার্থীরা। জেলার পাঁচটি উপজেলার হাট-বাজারগুলো মনিটরিংসহ সড়কে ট্রাফিক বিভাগের দায়িত্বও পালন করছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৮ আগষ্ট) জেলা শহরের উত্তর তেমুহনী, চকবাজার, ঝুমুরে সক্রিয় ছিলো শিক্ষার্থীরা। জেলা সদর ছাড়াও সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা যায়, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগরের বিভিন্ন সড়কে।
নিত্যপণ্যের বাজারে অযাচিত উপায়ে সিন্ডিকেট গড়ে কোনো প্রকার মূল্য বৃদ্ধি হয়েছে কিনা সেটি দেখতে বাজার পরিদর্শনে নামে শিক্ষার্থীরা। মূল্য তালিকা ঠিক রাখার বিষয়ে ব্যবসায়ীদের অনুরোধ করেন তারা।
চকবাজার এলাকার মুদি দোকানী মাহবুব মুর্শেদ বলেন, ছাত্ররা এসেছে। আমরা ব্যবসায়ীরা খুশি হয়েছি। আমার দোকানের সামনে ময়লা ছিলো। তারা পরিস্কারের জন্য অনুরোধ করেছে।
জসিম উদ্দিন হান্নান নামে এক মরিচ ব্যবসায়ী বলেন, শিক্ষার্থীরা আমাকে বলেছেন ভেজাল হলুদ-মরিচ যাতে কোনো ভাবেই বিক্রি না করি। আমি প্রতিশ্রুতি দিয়েছি।
শিক্ষার্থীরা জানান, যেখানেই বৈষম্য সেখানেই কাজ করছেন তারা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রায়পুর উপজেলা সমন্বয়ক জুবায়ের আল ইয়াছিন বলেন, সারাদেশের মতো জেলা-উপজেলা ব্যাপী আমাদের রুটিন কার্যক্রম চলমান রয়েছে। আমরা কাজ করছি।
বাজার মনিটরিং, ট্রাফিক বিভাগের দায়িত্ব পালন ছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জেলার বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠান পাহারা দিচ্ছেন সেনাবাহিনী, শিক্ষার্থী, এলাকাবাসীসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সেইসঙ্গে লুটপাট ও হামলা ঠেকাতে কাজ করছেন তারা।