ই-পেপার/প্রিন্ট ভিউ
স্বপন মিয়া, রংপুর
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের(বেরোবি) উপাচার্য নানা জল্পনা-কল্পনা শেষে পদত্যাগ করলেন। শুক্রবার (৯ আগস্ট) সকালে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন ভিসি প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ।
বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।
এর আগে প্রফেসর মো. হাসিবুর রশীদ ২০২৩ সালের ১৫ মার্চ আনুষ্ঠানিকভাবে বেরোবি উপাচার্য হিসেবে যোগদান করেন। তিনি এই বিশ্ববিদ্যালয়ের পঞ্চম উপাচার্য ছিলেন।
এর আগে, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ৬ আগস্ট বেরোবির গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা পদত্যাগ করেন। এর মধ্যে ছিলেন-বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. শরিফুল ইসলাম, পরিবহন পরিচালক ড. কামরুজ্জামান, গ্রন্থাগার পরিচালক প্রফেসর ড. গাজী মাজহারুল আনোয়ার ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট প্রফেসর ড. বিজন মোহন চাকী। তারা তাদের পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে জমা দেন।
কোটা সংস্কার আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন আবু সাঈদ। গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরদিন ১৭ জুলাই তাকে গ্রামের বাড়িতে দাফন করা হয়। কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ।