ই-পেপার/প্রিন্ট ভিউ
বরিশাল প্রতিনিধি
জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘জুলাইয়ের আন্দোলনে গণহত্যাকারী খুনি হাসিনা এবং তার দোসরদের বিচারের কথা না বলে তাদের রাজনীতিতে পুনর্বাসনের কথা যারা বলেন, আমরা মনে করি তারা ফ্যাসিস্টদের দোসর। হত্যাকারী খুনিদের বিচার না হওয়া পর্যন্ত আমরা থামবো না।’
শনিবার (২৩ নভেম্বর) বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ পরিবারগুলোর মধ্যে সহায়তার চেক বিতরণকালে তিনি এই মন্তব্য করেন।
সারজিস আরও বলেন, ‘যে নবজাতক শিশু জন্মের আগেই তার বাবা হারিয়েছে, তাকে আমরা কী উত্তর দেব? আমরা সহজেই সব ভুলে যাই। ১৬ বছর ধরে চলা অত্যাচার ভুলে যাই। গুম, খুন, হত্যা ভুলে যাই। কিন্তু এ দেশের ছাত্র-সমাজ এবার আর ভুল করবে না। আমরা সব হত্যার বিচার নিয়েই ঘরে ফিরব। আর কোনো ফ্যাসিস্টকে রাষ্ট্রক্ষমতায় বসতে দেওয়া হবে না।’
এ সময় বরিশাল বিভাগে শহিদ হওয়া ৩১৪ জনের মধ্যে ৭৯ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তার চেক দেওয়া হয়। শহিদ পরিবারের অনেক সদস্য ঢাকায় নিবন্ধন করেছেন এবং পর্যায়ক্রমে সকল শহিদ পরিবারকে সহায়তা প্রদান করা হবে বলে জানান জুলাই শহিদ ফাউন্ডেশনের উদ্যোক্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন এবং সিভিল সার্জন মারিয়া হাসান।